আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম
হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর টোল আরোপের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেছেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর সরাসরি কোনও ফি আরোপ করবে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে রেজায়ি বলেন, বর্তমানে ইরানের পার্লামেন্ট একটি খসড়া আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। এই আইনে প্রণালীর নিরাপত্তা নিশ্চিতকরণ-সংক্রান্ত ফি নির্ধারণ করা হবে।
এদিকে, মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ইরান জানিয়েছে যুদ্ধবিরতির পরও তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত রাখা অব্যাহত রাখবে।
এতে আরও বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী- প্রতিদিন শুধুমাত্র সীমিত সংখ্যক বাণিজ্যিক জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে এবং এর জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পর্সের (আইআরজিসি) মাধ্যমে সমন্বয়ের জন্য জাহাজগুলোকে একটা ট্রানজিট ফি বা টোলও দিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই ব্যবস্থাটিকে চুক্তি-পরবর্তী একটি সামুদ্রিক ব্যবস্থাপনার অংশ হিসেবে উপস্থাপন করছে এবং একই সঙ্গে নিজেদের শত্রুভাবাপন্ন মনে করা জাহাজগুলোকে আটকে দেওয়ার ক্ষমতাও ধরে রাখছে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আরও জানান, কেবল ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হবে।
শত্রুভাবাপন্ন দেশের সামরিক জাহাজকে কোনও অবস্থাতেই পারাপারের অনুমতি দেয়া হবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে চলাচল করতে পারবে।
রেজায়ি আরও বলেন, হরমুজ প্রণালী পরিচালনা বা নিরাপত্তা নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা মেনে নেবে না ইরান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে টোল আদায়ের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘টোল আদায় করা যাবে না। না, এটা কোনোভাবেই হবে না।’
এর আগে ইরানকে টোল দিয়ে হরমুজ প্রণালী পাড়ি দেওয়া জাহাজগুলোকে আটকে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। যদিও এ নির্দেশের পর এমন কোনও জাহাজ আটকের খবর পাওয়া যায়নি।
-এমএমএস