images

আন্তর্জাতিক

৩৪ বছর পর আলাপে বসছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম

দীর্ঘ ৩৪ বছর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা প্রথমবারের মতো সরাসরি আলাপ-আলোচনায় বসছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।

পোস্টে ট্রাম্প লিখেছেন,  ‘প্রায় ৩৪ বছর এ দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সেই আলাপ হতে যাচ্ছে। দারুণ ব্যাপার!’‘দুই দেশের মধ্যে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি।’

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দেশটির অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল–যুক্তরাষ্ট্র। 

হিজবুল্লাহর দাবি, খামেনি হত্যার প্রতিশোধ এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করার প্রতিবাদে তারা দেশটিতে হামলা চালায়।

তথ্যসূত্র: আল–জাজিরা

টিএই/এআরএম