ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালদোনা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ন্যাশনাল হাইওয়ে-১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে মোট ২১ জন তীর্থযাত্রী ছিলেন। তারা কর্নাটকের বাসিন্দা এবং একটি ধর্মীয় স্থানে পূজা দিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্যাঙ্কারের সঙ্গে তাদের ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি সড়কের ওপর ছিটকে পড়ে এবং ট্যাঙ্কারটিও উল্টে যায়।
দুর্ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন নারী, তিন বছর বয়সী একটি শিশুকন্যা এবং দুইজন পুরুষ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় কয়েকজনকে কুর্নুলের হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য কুর্নুলে পাঠানো হয়েছে এবং আরও কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ইয়েম্মিগানুর মহকুমার ডিএসপি ভার্গবী জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা বা যান্ত্রিক ত্রুটি-এই তিনটি বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এমআর




