আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম
মধ্যপ্রাচ্যের সংকটে বিশ্বব্যাপী পণ্য পরিবহন ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের শতাধিক ফ্রেইট ফরওয়ার্ডিং ও পণ্য পরিবহনকারী কোম্পানির প্রতিনিধিত্বকারী সংস্থা এয়ারফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ব্র্যান্ডন ফ্রিড জানিয়েছেন, পণ্য পরিবহনে ব্যাঘাত “ব্যাপক এবং বড় পরিসরে” ছড়িয়ে পড়েছে।
বিবিসি রেডিও ফোরের টুডে প্রোগ্রামে ফ্রিড বলেন, ‘এমিরেটস, ইতিহাদ ও কাতার এয়ারওয়েজের মতো মধ্যপ্রাচ্যের এয়ারলাইনগুলো সাধারণত বিশ্বের মোট পণ্যের পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ বহন করে। কিন্তু বর্তমানে তারা সক্ষমতার তুলনায় কম পরিসরে পরিচালিত হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে জট ও বিলম্ব।’
ফ্রিডের আরও বলেন, এর প্রভাব এখন “বিশ্বব্যাপী অনুভূত হতে শুরু করেছে”। জেট জ্বালানির দাম বৃদ্ধি, পণ্য পরিবহনের রুট পরিবর্তন, ঝুঁকির বিমা এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার খরচ-সবকিছু মিলিয়ে সমস্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
পরিস্থিতি ভেদে ভিন্নতা থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু ক্ষেত্রে আকাশপথে পণ্য পরিবহনের ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানান ফ্রিড।
তিনি আরও বলেন, ‘একটি শিল্প হিসেবে আমরা এটা কেবল নির্দিষ্ট সময় পর্যন্তই সামলে নিতে পারি। শেষ পর্যন্ত এর খরচ প্রকৃত গ্রাহককেই বহন করতে হবে।’
সূত্র: বিবিসি বাংলা
এমআই