images

আন্তর্জাতিক

হামলা রুখতে নতুন রণকৌশল ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। আমেরিকা ও ইসরায়েলের জাহাজকে এই প্রণালি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ইরানের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এবার সেই চাপের মধ্যেই নিজেদের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলো রক্ষায় মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে তেহরান।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৮টা (আমেরিকা সময়) পর্যন্ত এ মেয়াদ নির্ধারণ করা হয়েছে। 

এই সময়ের মধ্যে প্রণালি না খুললে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরই মধ্যে ইরান আশঙ্কা করছে, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে। সেই আশঙ্কা থেকেই মানববন্ধনের উদ্যোগ।

ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রী মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে দেশের সব গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রের সামনে জমায়েতের ডাক দিয়েছে। এতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে বলা হয়েছে। পাশাপাশি দেশের শিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্বদেরও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

ইরানের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলিরেজা রহিমি এক ভিডিওবার্তায় বলেন, তরুণদের পরামর্শেই এই কর্মসূচি গৃহীত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ শিল্পী ও যুব সংগঠন বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে মানববন্ধন গড়ে তোলার প্রস্তাব দেয়। 

“উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ইরানের তরুণদের মানববন্ধন” নাম দেওয়া হয়েছে এই প্রতীকী কর্মসূচির। আমরা আশা করি, সারা দেশের তরুণেরা বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে এই মানববন্ধন গড়ে তুলবেন।’

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে ইরান শুধু তাদের বন্ধু দেশগুলোর জাহাজ চলাচল করতে দিচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের জাহাজ পেলেও না সেই ছাড়। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে শঙ্কা। ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন এই কৌশল নিয়েছে তেহরান।

সূত্র: আনন্দবাজার

এমআই