আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ এএম
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য সমাধান নিয়ে তার এই ভাষণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৯টায় প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘ইরান ইস্যুতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য দেবেন প্রেসিডেন্ট।’ তবে ভাষণের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
তিনি বলেন, আমরা কাজটি শেষ করার পথে। সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই শেষ হবে, তবে চূড়ান্তভাবে সম্পন্ন করতে আরও কয়েকদিন বেশি সময় লাগতে পারে।
একই সঙ্গে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চায়। তবে এর আগে একটি সম্ভাব্য চুক্তির কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, চুক্তি হলে ভালো, না হলেও যুক্তরাষ্ট্র নিজস্ব অবস্থানে অটল থাকবে।
তিনি আরও বলেন, ইরানের জন্য কোনো বাধ্যবাধকতা নেই চুক্তিতে আসার, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্তও নিতে পারে।
সূত্র: বিবিসি, আল জাজিরা
/এএস