images

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ০৮:২৩ এএম

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে কঠোর হস্তে পালটা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। 

এতে সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ধীরে ধীরে মেলছে ডালপালা। এই সংঘাতের ৩০তম দিন রোববার (২৯ মার্চ) এসে শান্তি আলোচনা শুরু হয়েছে। খবর আল জাজিরার।

যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মিলিত হয়েছে মধ্যস্ততাকারী দেশগুলোর প্রতিনিধিরা। এ উপলক্ষে রোববার প্রথম বৈঠকে অংশ নেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদে এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে এই চারটি দেশ বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইরান-আমেরিকার যুদ্ধ থামাতে মধ্যস্থতা করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। হরমুজ প্রণালী খোলার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। 

পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার আলোচনা আয়োজনের ইচ্ছা আগেই প্রকাশ করেছিল পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, আমেরিকা এবং ইরান রাজি থাকলে পাকিস্তানের মাটিতে তারা আলোচনায় বসতে পারেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাহবাজের সেই পোস্টটি নিজেও রিপোস্ট করেছিলেন। রোববারের বৈঠকের পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, দুই পক্ষ (আমেরিকা ও ইরান)-এর মধ্যে অর্থপূর্ণ আলোচনার পথ প্রশস্ত করতে পারলে এবং তাতে মধ্যস্থতা করতে পারলে পাকিস্তান সম্মানিত বোধ করবে। তিনি এ-ও জানান, তিন দেশের প্রতিনিধি পাকিস্তানের এই চেষ্টাকে সমর্থন করেছে। 

-এমএমএস