আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ০৫:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। পরে সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি ও তথ্য প্রকাশ করে দিয়েছেন তারা।
সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।
সিএনএন জানিয়েছে, কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাকের পর সেখান থেকে নেওয়া ছবি একের পর এক প্রকাশ করেছেন হ্যাকাররা। তারা যেসব তথ্য ও ছবি হাতিয়ে নিয়েছেন, সেগুলো ২০১১ সাল থেকে ২০২২ সালের মধ্যকার। এর মধ্যে ব্যক্তিগত, ব্যবসায়িক এবং ভ্রমণসংক্রান্ত নোটিশ রয়েছে।
তবে এফবিআইয়ের নিজস্ব তথ্য ওই ইমেইলে ছিল না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
বার্তাসংস্থা রয়টার্স সর্বপ্রথম এই হ্যাকিংয়ের তথ্য জানায়।
যে গ্রুপটি এ হ্যাকিংয়ে জড়িত, তারা এ মাসের শুরুতেও একটি সাইবার হামলা চালিয়েছিল। ওই হামলার কারণে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটে।
হ্যাকিং গ্রুপটি ওই সময় বলেছিল, ইরানের স্কুলে হামলা চালিয়ে গণহত্যা চালানোর প্রতিশোধ হিসেবে তারা এই সাইবার হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সাইবার হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে এ বিষয়ে এফবিআই বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সূত্র: সিএনএন
এমআই