আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
পাকিস্তানের অনুরোধে ইরানের শীর্ষ কূটনীতিক এবং সংসদের স্পিকারকে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল। পাকিস্তানের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তানের নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে ‘লক্ষ্যবস্তু’ করতে চেয়েছিল ইসরায়েল। কিন্তু ইসলামাবাদ ওয়াশিংটনকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানায়।
পাকিস্তানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ইসরায়েল এমন পদক্ষেপ থেকে বিরত না থাকলে এরপর মধ্যস্থতার আলোচনার জন্য দেশটিতে আর কেউ অবশিষ্ট থাকবে না।
ওই কর্মকর্তা আরও দাবি করেন, পাকিস্তানের অনুরোধের পরই এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে বললে তারা হিটলিষ্ট থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদের স্পিকারকে বাদ দেয়।
এর আগে ইসলামাবাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এএফপিকে জানিয়েছিলেন, চলমান যুদ্ধে ইতি টানার জন্য যুক্তরাষ্ট্রের ১৫-দফা প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক পর্যায়ে সংযোগের কারণে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে পাকিস্তানকে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উভয়েই ইরানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের পাশাপাশি তাদের উপসাগরীয় মিত্র, বিশেষ করে সৌদি আরবের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
দেশটির কর্মকর্তারা আরও জানিয়েছেন, পাকিস্তান শক্তিশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও কূটনৈতিক প্রচেষ্টায় সমানভাবে জড়িত রয়েছেন এবং গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তিনি।
সূত্র: রয়টার্স
এমএইচআর