বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালির দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালির দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গুরুত্বপূর্ণ নৌ পথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তাংসিরি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলে এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর বন্দরআব্বাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন তিনি।


বিজ্ঞাপন


ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে নির্মূল করেছে, যিনি হরমুজ প্রণালীতে মাইন পেতে এবং সামুদ্রিক যান চলাচল বন্ধ করে দেওয়ার জন্য সরাসরি দায়ী ছিলেন।’ 

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইসরায়েলের এই দাবি যদি সঠিক হয়, তাহলে এটি হবে চতুর্থ সপ্তাহে গড়ানো এই যুদ্ধে এটি হবে ইরানে সর্বশেষ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার নিহতের ঘটনা।

তাংসিরি এখন পর্যন্ত মার্কিন-ইসরায়েলি গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া ইরানের অল্প কয়েকজন বড় মাপের সামরিক ব্যক্তিত্বের মধ্যে একজন। ২০১৮ সাল থেকে দায়িত্বে থাকা এই অভিজ্ঞ কমান্ডার হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও সামরিক কমান্ডার ইতোমধ্যে নিহত হয়েছেন, কিন্তু দেশটির শাসকগোষ্ঠীর যুদ্ধ কৌশল নির্ধারণ ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা এখনো বজায় রয়েছে। কোনো নেতা নিহত হওয়ার পরপরই তার উত্তরসূরি নিয়োগ দিচ্ছে ইরান। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর