আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০৮:২৫ এএম
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সময়ে মধ্যে হরমুজ প্রণালী না খুলে দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বড় বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে একে একে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো মাটির সাথে মিশিয়ে দেবে।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
বর্তমানে সেখানে তারা সীমিত সংখ্যক জাহাজ চলাচল করতে দিচ্ছে। এছাড়া ইরান পরিকল্পনা করছে হরমুজ দিয়ে চলা জাহাজের ওপর তারা শুল্ক বসাবে।
এদিকে, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ।
শনিবার (২১ মার্চ) এই হামলা চালানো হয়, যেটিকে আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন বলছে ইরান।
চলমান এই সংঘাতের প্রথম সপ্তাহেই নাতানজ স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। সেখানে ফের হামলা চালানো হলো।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদী রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে এই ‘অপরাধমূলক হামলা’ চালানো হয়েছে।
তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালায়।
তিন দেশের এই সংঘাত তিন সপ্তাহে পদার্পণ করলেও থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবার সকালেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে বলে দাবি ইসরায়েলের।
-এমএমএস