images

আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলায় বি-২ স্টিলথ বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ ২০২৬, ০৮:০২ এএম

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র এখন বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার শুরু করেছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে। এ ধরণের বিমান পারমাণবিক বোমা বহনেও সক্ষম।

সেন্টকম জানিয়েছে, বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযানের সক্ষমতা বাড়াতে একটি মিশন পরিচালনা করছে। খবর আনাদোলুর।

অপারেশন এপিক ফিউরির সময় বি-২ স্টিলথ বোমারু বিমান ওই মিশন পরিচালনা করার জন্য শুক্রবার ইরানি লক্ষবস্তুতে দীর্ঘ পাল্লার হামলা চালায়।

বোমারু বিমানের ভিজ্যুয়াল শেয়ার করে সেন্টকম মার্কিন সোশ্যাল মিডিয়ায় বলেছে, ভবিষ্যতে ইরানকে আর সোজা হয়ে দাঁড়াতে দেবে না আমেরিকা।

এর আগে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা "শীঘ্রই এবং খুব শীঘ্রই" ধ্বংস করা হবে।

শনিবার আবারও ইরানে আমেরিকার সর্বোচ্চ পরিমাণে হামলা হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য মধ্যপ্রাচ্যে বোমারু বিমানের সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।

হেগসেথ সাংবাদিকদের বলেন, জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইনের সঙ্গে এ ব্যপারে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে ইসরায়েল এবং আমেরিকা ইরানের ওপর যৌথ হামলা শুরু করে। এতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেড় শতাধিক স্কুলছাত্রী নিহত হয়।

তেহরান প্রতিশোধ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

একই সঙ্গে উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সেনাদের আবাসিক এলাকায়ও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বহু মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেছে এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে। অভিযান শুরু হওয়ার পর থেকে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র স্বীকার করলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

-এমএমএস