Dhaka Mail Logo

আন্তর্জাতিক

‘ভারত মাতাকে বিক্রি করে দিয়েছো, তোমাদের কি লজ্জা নেই?’

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ও শুল্ক চুক্তি নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ভারতের সংবেদনশীল কৃষি ও দুগ্ধ বাজারকে মার্কিন কৃষিপণ্যের জন্য উন্মুক্ত করার মাধ্যমে ‘ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে’।

বুধবার লোকসভায় উত্তপ্ত ভাষণে রাহুল গান্ধী আরও বলেন, বিজেপি সরকারের লজ্জিত হওয়া উচিত, তারা বাণিজ্য চুক্তির মাধ্যমে মার্কিন পণ্য প্রবেশের অনুমতি দিয়ে দেশের কোটি কোটি কৃষকের, বিশেষ করে ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকদের এবং সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে জড়িতদের কোটি কোটি মানুষের জীবিকা সংকটে ফেলেছে।

মূলত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে সম্মতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে। বিনিময়ে প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন এবং এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কিনবেন। এর ফলে দিল্লির বিরুদ্ধে রুশ তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জরিমানা তুলে নেওয়া হবে।

এছাড়াও এই চুক্তির অংশ হিসেবে ভারত আগামী দিনে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মার্কিন পণ্য কিনতে প্রতিশ্রুতি দিয়েছে। এসব পণ্যের মধ্যে থাকবে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও কয়লা। 

এই চুক্তির প্রতিক্রিয়ায় সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, ‘তুমি ভারতকে বিক্রি করে দিয়েছো... ভারতকে বিক্রি করতে কি তোমার লজ্জা হয় না? ইতিহাসে প্রথমবারের মতো আমাদের কৃষকরা ঝড়ের মুখোমুখি হচ্ছে এবং তুমি আমাদের দরিদ্র কৃষকদের পিষ্ট করার দরজা খুলে দিয়েছো।’

অতীতে কোনো প্রধানমন্ত্রী এরকম চুক্তি করেননি উল্লেখ তিনি বলেন আরও বলেন, ‘এই চুক্তিতে কোনও যুক্তি নেই। মার্কিন পণ্যের আমদানি ৪৬ বিলিয়ন ডলার থেকে ১৪৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে... এটা অযৌক্তিক।

রাহুল বলেন, ‘আপনারা (বিজেপি সরকার) যুক্তরাষ্ট্রের কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করেছেন। ভারতের জ্বালানি নিরাপত্তা যুক্তরাষ্ট্রের হাতে চলে গিয়েছে, আত্মমর্যাদা জলাঞ্জলি দিয়ে কৃষক স্বার্থের সঙ্গে আপস করেছেন। যদি ইন্ডিয়া জোট সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করত, তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলত, ভারতকে সমান মর্যাদা দিতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘মার্কিন স্বার্থে বাণিজ্য চুক্তির ফলে ভারতের টেক্সটাইল শিল্পও শেষ হয়ে যাবে। আমরা একটি অস্থির সময়ের দিকে এগোচ্ছি। দেশ বিক্রি হয়ে গিয়েছে।’

সূত্র: এনডিটিভি

এমএইচআর