আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
চরম উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে পারমানবিক চুক্তির ব্যাপারে এখনো আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে বলেন, ‘আমেরিকানদের জানা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে, তবে তা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।’
একইসঙ্গে ইরানি জনগণকে ট্রাম্পের হুমকিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।
এর কয়েক ঘণ্টা পরেই ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘অবশ্যই, তিনি এমন মন্তব্য করতেই পারেন। আশা করি আমরা (ইরানের সঙ্গে) একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি তা না পারি, সেক্ষেত্রে আমরা যাচাই করব তিনি (খামেনি) সঠিক ছিলেন কি না।’
এরআগে শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার চেয়ে ইরান সমঝোতায় যেতে আগ্রহী। ইরান বর্তমানে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চালাচ্ছে এবং তিনি আশা করছেন, সেগুলো ‘গ্রহণযোগ্য সমাধানে’ পৌঁছাবে।
তিনি বলেন, ‘ইরান আমাদের সঙ্গে কথা বলছে, তারা আলোচনা করছে। দেখা যাক কিছু করা যায় কি না। না হলে কী হয়, সেটাও দেখা হবে। আমাদের একটি বড় নৌবহর সেখানে যাচ্ছে’।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ট্রাম্প যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে একটি ‘সুষ্ঠু ও সমতাপূর্ণ’ চুক্তি সম্ভব। তবে একটি অর্থপূর্ণ আলোচনার ভিত্তি হলো আস্থা এবং দুর্ভাগ্যবশত, আমরা আলোচনার সঙ্গী কিংবা অংশীদার হিসেবে আমরা যুক্তরাষ্ট্রের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি। তাই যে কোনো সংলাপের আগে প্রথম কাজ হলো এই আস্থার সংকট দূর করা।”
তিনি আরও জানান, ‘কয়েকটি আঞ্চলিক মিত্রদেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তারা আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করছে। এটা কঠিন, কিন্তু তারা চেষ্টা করছে। আমার মনে হয়, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমঝোতা চুক্তির প্রস্তাব নিয়ে এগিয়ে আসে— তাহলে ফের আলোচনা হতে পারে।’
এছাড়াও ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান লারিজানি শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘মিডিয়ায় কৃত্রিম যুদ্ধমুখী পরিবেশ তৈরি করা হলেও বাস্তবে আলোচনার একটি কাঠামো গঠনের কাজ অগ্রসর হচ্ছে।’ তবে আলোচনার কাঠামো সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সূত্র: এএফপি, রয়টার্স
এমএইচআর