Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পরীক্ষামূলক ওষুধে ক্যানসার উধাও, গবেষকরাই অবাক

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন ২০২২, ১২:২৭ এএম

পরীক্ষা চালানোর জন্য (ট্রায়াল) দেওয়া ওষুধেই সেরে উঠেছেন ক্যানসার রোগী! তাও এক বা দুইজন নয়। ১৮ জন রোগীর ক্ষেত্রে এমন সাফল্যের দেখা মিলেছে। ঘটনাটি বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। এবারই প্রথম কোনো ওষুধে ক্যানসারের রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার খবর পাওয়া গেল।

গবেষকরা বলছেন, ক্যানসারের চিকিৎসাসংক্রান্ত গবেষণায় এমন অর্জন আগে দেখা যায়নি। পরীক্ষামূলকভাবে ওষুধ প্রয়োগের ট্রায়ালে অংশ নেওয়া সব রোগীর ক্যানসার মুক্তির ঘটনা ইতিহাসে এটাই প্রথম।

আরও পড়ুন: ডায়েটে চিট মিল, মানুন এসব নিয়ম

নিউইয়র্ক টাইমসের খবরে জানানো হয়েছে, ক্যানসারে আক্রান্ত কয়েকজন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোসটারলিমাব নামের একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। ওষুধটির জেরে পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের প্রত্যেকেই সুস্থ হয়েছেন। এটি এমন একটি ওষুধ, যেটিতে গবেষণাগারে তৈরি মলিকিউলস রয়েছে। এই মলিকিউলস মানুষের শরীরে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে।

এই গবেষণার নিবন্ধ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারের ক্যানসার বিশেষজ্ঞ ও গবেষণাপত্রটির সহলেখক চিকিৎসক আন্দ্রেয়া সেরেক বলেন, ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা যখন তাদের ক্যানসার মুক্তির খবর জানতে পারলেন, সেটার চেয়ে আনন্দের মুহূর্ত আর ছিল না। অনেকে খুশিতে কেঁদে ফেলেছিলেন।

আরও পড়ুন: ১০ মাসে ২১ কেজি ওজন কমানোর অবিশ্বাস্য কাহিনি

গবেষকদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি আরও জানায়, পরীক্ষামূলকভাবে ১৮ জন ক্যানসার রোগীর ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। সবাই কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ পরপর ওষুধটি প্রয়োগের পর তাঁদের শারীরিক পরীক্ষায় দেখা যায় সবাই ক্যানসারমুক্ত হয়েছেন। কারও শরীরে টিউমারের অস্তিত্ব ছিল না ওষুধটি প্রয়োগের পর।

তবে ‘শতভাগ সাফল্য পাওয়া গেলেও এই পরীক্ষা খুবই অল্পসংখ্যক মানুষের ওপর চালানো হয়েছে। তাই আরও বড় পরিসরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে’ বলে মত গবেষকদের।

এএ