Dhaka Mail Logo

আন্তর্জাতিক

গাজায় একদিনে নিহত ১০০, যুদ্ধবিরতি কতদূর?

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ এএম

মঙ্গলবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, গাজা থেকে আরো বন্দীদের মুক্তির বিনিময়ে তার দেশ দ্বিতীয় মানবিক বিরতির জন্য প্রস্তুত। হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়াহ বুধবার যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনার জন্য মিশর সফর করবেন বলে আশা করা হচ্ছে।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ তাদের মুক্তির জন্য বন্দী দুই পুরুষ ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে। খবর আল জাজিরার

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘে নতুন উদ্যোগ, মত পাল্টেছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে জাহাজীকরণে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর হামলার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বহুজাতিক বাহিনী ঘোষণা করার পরে হুথিরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে। হুথি পলিটব্যুরো বলেছে যে জোট আন্তর্জাতিক আইনের বিরোধিতা করে এবং ইসরায়েলের সুবিধার জন্য লোহিত সাগরকে সামরিকীকরণ করতে চায়।

এদিকে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিপন্থীদের ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্যাপ্টেন লিওর সিভান (৩২) দক্ষিণ গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সাথে লড়াইয়ে নিহত হয়েছেন। সিভান জেরুজালেমের পশ্চিমে বেইট শেমেশের বাসিন্দা এবং ৩৬৩ তম ব্যাটালিয়নের একজন কমব্যাট অফিসার ছিলেন।

আরও পড়ুন: মন চাইলেই ফিলিস্তিনিদের বন্দী করছে ইসরায়েল, বাদ যাচ্ছে না শিশুও!

দক্ষিণ গাজায় আরেক সৈন্যও 'গুরুতরভাবে আহত' হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনী তুবাস শহর এবং তাম্মউন শহরকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এর ফলে অনেকে আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭০০ এর বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে ৫ হাজারের বেশি নারী।

আরও পড়ুন: হামাসের শক্তি দেখে অবাক সেনারা: ইসরায়েলি বিশেষজ্ঞ

ইসরায়েলি হামলায় গাজায় আহত হওয়ার সংখ্যা ৫২ হাজারের বেশি। তাদের মধ্যে শিশু ৮ হাজার ৬৬৩টি এবং নারী ৬ হাজার ৩২৭ জন। এ ছাড়া গাজায় এখনো প্রায় আট হাজার মানুষ নিখোঁজ।

অন্যদিকে ৭ অক্টোবরের পর থেকে গতকাল পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ৩০১ জনের প্রাণ গেছে। এর মধ্যে ৭২টি শিশু। আহত ৩ হাজার ৩৬৫ জনের বেশি।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবরের আকস্মিক হামলায় ১৪০০ জন নিহত হয়েছে বলে জানায় ইসরায়েল। তবে পরে সেই সংখ্যা কমিয়ে ১২০০ করা হয়েছে। এছাড়া হামাস ইসরায়েল থেকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে এখনও হামাসের হাতে অন্তত ১৩৭ বন্দী রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

একে