Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইসরায়েল-সংশ্লিষ্ট সংস্থা বয়কটে ফতোয়া জারি ইন্দোনেশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর ২০২৩, ০১:৫২ পিএম

ইসরায়েলকে সমর্থনকারী সংস্থাগুলোর পণ্য ও পরিষেবা বর্জনের আহ্বান জানিয়ে একটি ফতোয়া জারি করেছে ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় আলেমদের সংস্থা। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য এমন ফতোয়া জারি করেছেন তারা।

ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল (এমইউআই) এর ধর্মীয় আদেশে বলা হয়েছে যে, দেশের মুসলমানদের অবশ্যই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন করতে হবে। ইন্দোনেশিয়ার আলেমরা ঘোষণা করেছেন যে, ইসরায়েল বা তার সমর্থকদের সমর্থন ইসলামী আইনের পরিপন্থী। খবর ডনের

কাউন্সিলের একজন নির্বাহী আসরুন নিয়াম শোলেহ সাংবাদিকদের বলেন, 'এমইউআই প্রত্যেক মুসলমানকে যতটা সম্ভব লেনদেন এবং ইসরায়েলের পণ্য ব্যবহার এবং ইসরায়েলের সাথে যুক্ত, সেইসাথে যারা ঔপনিবেশিকতা ও ইহুদিবাদকে সমর্থন করে তাদেরকে এড়িয়ে চলার আহ্বান জানায়।'

আরও পড়ুন: মামলা, বিক্ষোভের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া

তিনি বলেন, 'আমরা ফিলিস্তিনের সাথে যুদ্ধরত পক্ষকে সমর্থন করতে পারি না। এর মধ্যে এমন পণ্য ব্যবহার করাও রয়েছে, যার অর্থ আসলে ফিলিস্তিনিদের হত্যাকান্ডকে সমর্থন করে।'

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। নিহতদের প্রায় সবাই শিশু, নারী ও বেসামরিক নাগরিক। গাজায় প্রতি দশ মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াসুস।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় শহরে নিহত হয়েছে কমপক্ষে ১১ হাজার ৭৮ জন। এর মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু। গাজায় নিহত নারীর সংখ্যা ৩ হাজার ২৭ জন।

বিবিসি জানিয়েছে, গাজার সব প্রধান হাসপাতাল আল-শিফা, আল-কুদস, আল-রানতিসি এবং ইন্দোনেশিয়ান হাসপাতালের একেবারে কাছে এখন ইসরায়েলি বাহিনী অবস্থান নিয়েছে। শুক্রবার সারাদিন ধরে হাসপাতালগুলোর আশপাশে এবং ভেতরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে যে, আল-শিফা হাসপাতালের নিচের টানেলে হামাস অবস্থান করছে, যা অস্বীকার করেছে হামাস। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোও ইসরায়েলের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে গাজার যুদ্ধ!

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর গাজার এই হাসপাতালগুলো নিজেদের সামর্থ্যের ‘চূড়ান্ত সীমা অতিক্রম করেছে’ এবং হাজার হাজার লোকের জীবন এখান ঝুঁকিতে রয়েছে।

আল শিফা হাসপাতালের ডাক্তার সালামিয়া পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করেছেন। তিনি তার চারদিকে গুলি এবং বোমার আওয়াজ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন।

ইসরায়েল তাদের মৃত্যুর তালিকা সংশোধন করে প্রকাশ করেছে। এতদিন তারা মৃতের সংখ্যা ১৪০০ বললেও শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানায় আসল সংখ্যা ১২০০ জন।

একে