আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। শুক্রবার এসব বৈঠক শেষেও আসেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত সম্মেলনের ঘোষণা। তবে মনে করা হচ্ছে শিগগিরই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কূটনীতিক যোগাযোগ স্থাপনের পর ওয়াং যুক্তরাষ্ট্র সফরে আসেন, যা দুই নেতার মুখোমুখি বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী মাসে সানফ্রানসিসকোয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠক হতে পারে। খবর ভয়েস অব আমেরিকার
আরও পড়ুন: চীন ফিলিস্তিনের পক্ষ নেয়ায় হতাশ যুক্তরাষ্ট্র
শুক্রবার দিনের শেষে টেলিফোন ব্রিফিংয়ে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের জানান, এই লক্ষ্যে কাজ এগোচ্ছে। তিনি বলেন, 'দুই পক্ষ আশ্বাস দিয়েছে, তারা একসঙ্গে নভেম্বরে সানফ্রানসিসকোয় প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট শির বৈঠক আয়োজনের জন্য কাজ করবে।'
কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, চীন পক্ষ সাধারণত এ ধরনের বৈঠকের ক্ষেত্রে সময়সীমা একদম কাছে চলে না আসা পর্যন্ত ঘোষণা দেওয়া থেকে বিরত থাকে। বাইডেন শেষ বার শির সঙ্গে গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠক করেছিলেন।
আরও পড়ুন: চীন পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন পররাষ্ট্র মন্ত্রকে বৃহস্পতিবার ওয়াংয়ের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। এর আগে, দিনের প্রথম অংশে তারা আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।
বৃহস্পতিবার বিকেলে ব্লিংকেনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের আগে ওয়াং সংবাদদাতাদের বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর ও স্বয়ংসম্পূর্ণ আলোচনা হওয়া উচিত, যাতে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কম হয় ও তারা স্বাস্থ্যকর, স্থিতিশীল ও টেকসই উন্নয়নের পথে ফিরে যেতে পারে।
একে