Dhaka Mail Logo

হেলথ

নিউরোঅ্যানেস্থেসিয়া কোর্স অনুমোদনে নিন্স পরিদর্শন বিসিপিএস প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) নিউরোঅ্যানেস্থেসিয়া বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কোর্সের অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (নিন্স) পরিদর্শন করেছেন বিসিপিএসের একটি প্রতিনিধিদল। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউরোসায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে।

পরিদর্শনে হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ড, অস্ত্রোপচারকক্ষ, স্নায়ুরোগবিষয়ক আধুনিক চিকিৎসার ক্যাথল্যাব, স্ট্রোক ইউনিট, মডুলার অস্ত্রোপচারকক্ষ ও গ্রন্থাগার ঘুরে দেখে প্রতিনিধিদল। 

এ সময় তারা হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, প্রশিক্ষণ কার্যক্রম এবং উচ্চতর চিকিৎসা প্রশিক্ষণের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন।

পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী আসকার লতিফ এবং অধ্যাপক ডা. মো. আবু সায়েম।

এ সময় উপস্থিত ছিলেন নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান। এ ছাড়াও ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন, অধ্যাপক ডা. মো. শফিউল আলম, অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম, ডা. কাজী শাহাবুলবুল ইসলাম এবং ডা. মো. রবিউল ইসলাম।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিউরোঅ্যানেস্থেসিয়া বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রম চালুর প্রয়োজনীয়তা, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষণের পরিবেশ নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিসিপিএসের অনুমোদন সাপেক্ষে নিন্সে নিউরোঅ্যানেস্থেসিয়া বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে দেশে এ বিষয়ে দক্ষ ও বিশেষায়িত জনবল তৈরির সুযোগ বাড়বে। পাশাপাশি নিউরোসার্জারির চিকিৎসা কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে। 

এর মাধ্যমে জটিল স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের জন্য উন্নত, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

এসএইচ/এআরএম