ডায়াবেটিসকে ‘সর্বরোগের জননী’ ও ‘নীরব ঘাতক’ হিসেবে উল্লেখ করে রোগটি প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তারা বলেন, ডায়াবেটিসের জটিলতা দেখা দেওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই রোগটি প্রতিরোধ করা বেশি কার্যকর ও সাশ্রয়ী। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে কিডনিসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। একবার জটিলতা তৈরি হলে স্বাভাবিক জীবনে ফিরে আসাও কঠিন হয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ নিন’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। গত ১৪ নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়েছে।
সেমিনারে আলোচকরা বলেন, সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগের বিস্তারও বাড়ছে। ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে শুধু ওষুধের ওপর নির্ভর করলে হবে না, জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। নিয়মিত পরীক্ষা, সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এর জটিলতা অনেকটাই কমানো সম্ভব।
তারা জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা অঙ্গগুলোর একটি কিডনি। আক্রান্ত হওয়ার ৭ থেকে ১০ বছরের মধ্যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে রোগী বিষয়টি বুঝতেও পারেন না। ডায়ালাইসিসনির্ভর কিডনি রোগীদের প্রায় ৫০ শতাংশের ক্ষেত্রে ডায়াবেটিস এর কারণ। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা গেলে কিডনি রোগীর চাপও কমানো সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, বর্তমান জীবনযাপন অনেক বেশি চাপপূর্ণ হয়ে উঠেছে। এর প্রভাব শরীরের ওপর পড়ছে এবং ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে।
তিনি বলেন, বিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৪৩ শতাংশ জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। বাংলাদেশেও প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের বড় একটি অংশ রোগটি সম্পর্কে অবগত নন।
ডা. মাহমুদা আলম মিতু বলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে দুটি বড় সমস্যা রয়েছে। অনেকে আক্রান্ত হলেও তা জানেন না। আবার যারা জানেন, তাদের অনেকেই নিয়মিত ওষুধ গ্রহণ ও জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন না। ফলে রোগীদের শনাক্ত করা এবং চিকিৎসার আওতায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এখন গ্রামাঞ্চলেও ডায়াবেটিসের বিস্তার দেখা যাচ্ছে। এ জন্য কমিউনিটি পর্যায়ে পরীক্ষা, বাড়ি বাড়ি সচেতনতা কার্যক্রম এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। রোগটি হওয়ার আগেই মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে।
শিশু-কিশোরদের জীবনযাপন নিয়েও উদ্বেগ জানান সংসদ সদস্য। তিনি বলেন, দেশে খেলার মাঠের অভাবে শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। অন্যদিকে খাদ্যে ভেজালের বিষয়টিও রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কেও উদ্যোগ নিতে হবে।
এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু উর্মি।
প্যানেল আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু মোহাম্মদ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি এম মকবুল হোসেন এবং নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মুকীত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনডিএফের সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন বকাউল।
এমএইচ/এএইচ



