নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়েছেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। বিশ্ববিদ্যালয়ে ‘হেড এন্ড নেক ক্যান্সার টুডে: বার্ডেন, ট্রেন্ডস অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট স্ট্রাটেজিস’ শীর্ষক কেন্দ্রীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে কেন্দ্রীয় সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মাথা ও গলার ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা, রোগের পরিবর্তিত প্রবণতা, আধুনিক চিকিৎসাকৌশল এবং অস্ত্রোপচার ছাড়াও ক্যান্সার চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর অধীনে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। এ ছাড়া বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) সমন্বিত ইমপ্যাক্ট রিভিউ মিশনের বিষয়টি তুলে ধরেন।
ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই মিশনের মাধ্যমে বাংলাদেশে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, রোগ নির্ণয়, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, অবকাঠামো এবং দক্ষ জনবলের বিদ্যমান সক্ষমতা ও প্রয়োজনীয় ঘাটতি মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আন্তর্জাতিক মূল্যায়ন দেশের ক্যান্সার চিকিৎসাব্যবস্থার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত ক্যান্সার বিভাগ, অভিজ্ঞ শিক্ষক, চিকিৎসক, গবেষক এবং উচ্চতর চিকিৎসাশিক্ষার সুযোগ রয়েছে। এসব সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আধুনিক ও বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান বলেন, আমরা বিএমইউর অধীনে একটি বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। আশা করি, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় আমরা এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারব, ইনশাআল্লাহ। প্রস্তাবিত ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে ক্যান্সার বিষয়ক উচ্চতর শিক্ষা, গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বহুবিভাগীয় চিকিৎসা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে ক্যান্সার গবেষণা ও চিকিৎসাসেবায় বিএমইউর অবদান আরও সুসংহত করার সুযোগ সৃষ্টি হবে।
সেমিনারের প্রথম বৈজ্ঞানিক অধিবেশনে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার টুডে: বার্ডেন, ট্রেন্ডস, অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর অটোল্যারিঙ্গোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের হেড-নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মো. আবদুস সাত্তার।
তিনি মাথা ও গলার ক্যান্সারের বর্তমান পরিস্থিতি, রোগের ক্রমবর্ধমান বোঝা, পরিবর্তিত প্রবণতা এবং আধুনিক চিকিৎসাকৌশল নিয়ে আলোচনা করেন। এ ধরনের ক্যান্সারের চিকিৎসায় সময়মতো রোগ নির্ণয়, যথাযথ রোগের পর্যায় নির্ধারণ এবং উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্বাচনের গুরুত্ব আলোচনায় তুলে ধরেন।
সেমিনারে ইউনিভার্সিটি সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে সঞ্চালনা করেন কেন্দ্রীয় সেমিনার সাব-কমিটির সদস্য সচিব ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)।
অনুষ্ঠানে শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.মো. আব্দুস শাকুর, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ/এফএ