স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার সার্বিক অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তিনি।
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনাকালে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এদিকে বীর মুক্তিযোদ্ধা স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রসঙ্গত, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।
এসএইচ/এআরএম




