Dhaka Mail Logo

হেলথ

বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি বলেন, ‘আজ সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।’

পবন চৌধুরী আরও বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি (স্বাস্থ্যমন্ত্রী) অফিস করবেন।’

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, ‘শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি বলেন, ‘হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।’

এএম