নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
স্বাধীনতার ৫৬ বছরেও দেশে পর্যাপ্ত ফিজিয়াট্রিস্ট তৈরি হয়নি। ১৮ কোটি মানুষের বিপরীতে নিবন্ধিত বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র ৩০৫ জন। তাদের অধিকাংশই ঢাকাকেন্দ্রিক। ফলে বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
অন্যদিকে, অননুমোদিত ও অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্তদের কাছে চিকিৎসা নিতে গিয়ে বাড়ছে শারীরিক জটিলতা ও পঙ্গুত্বের ঝুঁকি।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এসব তথ্য তুলে ধরেন।
বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ।
সেমিনারে সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ বলেন, কাঠামোগত ও প্রশাসনিক জটিলতার কারণে দেশে ফিজিক্যাল মেডিসিন সেবার সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। ২০১৬ সালে ঢাকায় দুটি ফিজিক্যাল মেডিসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এ ছাড়া দেশের ২০টি মেডিকেল কলেজ ও ৬০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ-সংক্রান্ত ৩৯৮টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে রয়েছে।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্বাধীনতার প্রায় ৫৬ বছর পেরিয়ে গেলেও দেশে স্বীকৃত ডিগ্রিধারী ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের সংখ্যা অত্যন্ত সীমিত। জনসংখ্যার অনুপাতে যে হারে বিশেষজ্ঞ তৈরি হচ্ছে, তাতে বর্তমান চাহিদা পূরণ করা সম্ভব নয়।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ফিজিক্যাল মেডিসিন ও ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে। তবে এসব প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে অননুমোদিত ও যথাযথ প্রশিক্ষণবিহীন ব্যক্তিরা চিকিৎসাসেবা দিচ্ছেন। তাদের কাছ থেকে ফিজিওথেরাপি নিতে গিয়ে অনেক রোগী নতুন করে আঘাত পাচ্ছেন। এতে আগের রোগের জটিলতা আরও বাড়ছে।
উপাচার্য বলেন, এ খাতে নেতৃত্ব দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিউরো-রিহ্যাবিলিটেশন বিভাগের রোবোটিক সেন্টার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ রোবোটিক পুনর্বাসন কেন্দ্র। পর্যাপ্তসংখ্যক দক্ষ ও একাডেমিকভাবে প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট তৈরি করা গেলে দেশের চাহিদার বড় একটি অংশ পূরণ করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, স্বাধীনতার প্রায় ৫৬ বছর পার হলেও ফিজিক্যাল মেডিসিনকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, ফিজিক্যাল মেডিসিন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। দেশের প্রতিটি মানুষের কাছে এ চিকিৎসাসেবার তথ্য পৌঁছে দেওয়া গেলে অনেক রোগী উপকৃত হবেন। একই সঙ্গে এ খাতের সক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত না করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে চিকিৎসক ও চিকিৎসাসেবার অবকাঠামো—দুটিরই সংকট রয়েছে। এর মধ্যে রাজনৈতিক কারণে অনেক চিকিৎসকের অভিজ্ঞতা ও যোগ্যতা যথাযথভাবে কাজে লাগানো যায়নি। চিকিৎসকদের রাজনীতির শিকার হতে হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।
মির্জা আব্বাস বলেন, ‘ডাক্তাররা রাজনীতির শিকার হয়ে যায়, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। আর কোনো দেশে আমি দেখিনি, শুনিওনি। এখন থেকে আমাদের গভর্নমেন্টকে শিখতে হবে, ডাক্তারদের যেন রাজনীতির শিকার হতে না হয়, কোনো সময়েই না। এটা বিএনপির ডাক্তার—এমন বিভাজন কেন থাকবে? মেডিকেলের বইয়ে কি লেখা আছে এটা বিএনপির বই? সুতরাং ডাক্তারকে ডাক্তারই ডাকতে দেই।’
তিনি আরও বলেন, এই নীতি শুধু বর্তমান সরকারের জন্য নয়, ভবিষ্যতের সব সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে অনেক চিকিৎসক সময়মতো পদোন্নতি পাননি। তার সামনে উপস্থিত অনেক চিকিৎসকও এ কারণে অধ্যাপক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
দেশে চিকিৎসক তৈরির পাশাপাশি তাদের কাজের উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্ব দেন মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের চিকিৎসকদের বিদেশে সুনাম রয়েছে। অথচ নিজ দেশেই তারা অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ পাচ্ছেন না। এমন পরিস্থিতির পরিবর্তন করতে হবে, যাতে চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়।
নিজের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে বর্ষীয়ান এই নেতা বলেন, তার স্ট্রোক হওয়ার পর দুই-তিনবার বিদেশে যেতে হয়েছে। তবে তিনি নিজে যেতে চাননি, তাকে নিয়ে যাওয়া হয়েছে।
দেশের চিকিৎসকদের প্রতি আস্থার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখেন। কিন্তু জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসাসেবা দেওয়ার অবকাঠামো ও সুযোগ-সুবিধা অপর্যাপ্ত।
এ সময় বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার বেসরকারি খাতে ছেড়ে না দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।
নিজের চিকিৎসা নিতে গিয়ে সেন্টারটির কার্যক্রম সম্পর্কে জানার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রাখা উচিত। কোনো বিদেশি প্রতিষ্ঠান বা করপোরেট প্রতিষ্ঠানের হাতে এর নিয়ন্ত্রণ দেওয়া ঠিক হবে না। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. হারুন আল রশিদ, সংগঠনটির সিনিয়র সহসভাপতি ও জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান এবং বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকীসহ অন্যরা।
এম/এআরএম