Dhaka Mail Logo

হেলথ

‘ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার’ 

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

আগামী পাঁচ বছরে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

তিনি বলেন, বাংলাদেশে সাধারণত ব্রেস্ট ক্যানসার, কলোরেক্টাল ক্যানসার ও ওরাল ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেশি। এসব ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার (১৪ নভেম্বর ২০২৬) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ক্যান্সার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আজকের এই অংশীজন পরামর্শ সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যানসার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।

ক্যান্সার মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে। এর মাধ্যমে দেশে ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি প্রমুখ।

এসএইচ/এআরএম