Dhaka Mail Logo

হেলথ

হৃদরোগীদের উন্নত সেবা নিশ্চিতে রাজধানীতে বিএইচআরএ’র বৈজ্ঞানিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

হৃদরোগ চিকিৎসা ও গবেষণায় নতুন অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের (বিএইচআরএ) ২০তম বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিয়াক সার্জন, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, গবেষকসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এস আর খান। প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা (অব.)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিক, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন ও অধ্যাপক ডা. ফারুক আহমেদ।

সম্মেলনে হৃদরোগ চিকিৎসার বিভিন্ন শাখা নিয়ে পৃথক বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল প্রাপ্তবয়স্কদের হৃদরোগ, শিশু হৃদরোগ, শিশুদের কার্ডিয়াক সার্জারি এবং প্রাপ্তবয়স্কদের কার্ডিয়াক সার্জারি।

প্রাপ্তবয়স্কদের হৃদরোগবিষয়ক অধিবেশনে হৃদরোগ, কিডনি ও বিপাকীয় রোগের সমন্বিত ব্যবস্থাপনা, দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ডিসলিপিডেমিয়া, বাংলাদেশে হার্ট ফেইলিউর চিকিৎসার ভবিষ্যৎ এবং হৃদরোগ প্রতিরোধে টিকাদানের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

শিশু হৃদরোগবিষয়ক অধিবেশনে শিশুদের অ্যারিথমিয়া, জন্মগত হৃদরোগ নির্ণয়ে ইকোকার্ডিওগ্রাফি, নিবিড় পরিচর্যা এবং পারকিউটেনিয়াস ইন্টারভেনশন নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন আলোচকেরা।

অন্যদিকে, শিশুদের কার্ডিয়াক সার্জারিবিষয়ক অধিবেশনে টেট্রালজি অব ফ্যালটের অস্ত্রোপচার, জন্মগত হৃদরোগের সার্জারিতে কার্বন ডাই-অক্সাইড নিয়ন্ত্রণ এবং থ্রিডি হার্ট মডেলের ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রাপ্তবয়স্কদের কার্ডিয়াক সার্জারি অধিবেশনে বাংলাদেশের কার্ডিয়াক সার্জারির বর্তমান চিত্র, স্বাস্থ্যবীমা, স্নাতকোত্তর প্রশিক্ষণ, মাইট্রাল ভালভ সার্জারি এবং সিএবিজির দীর্ঘমেয়াদি ফলাফল গুরুত্ব পায়।

বৈজ্ঞানিক আলোচনার পাশাপাশি সম্মেলনে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়। এর অংশ হিসেবে জন্মগত হৃদরোগের ইকোকার্ডিওগ্রাফি এবং কার্ডিয়াক সার্জারিবিষয়ক ওয়েট ল্যাব অনুষ্ঠিত হয়। এসব প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কার্ডিয়াক ইমেজিং, ডপলার মূল্যায়ন, জন্মগত হৃদরোগ শনাক্তকরণ এবং হৃদযন্ত্রের অস্ত্রোপচারের বিভিন্ন ব্যবহারিক কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

এ ছাড়া ফ্রি পেপার সেশনে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এসব গবেষণায় বাংলাদেশের কার্ডিয়াক সার্জারির অগ্রগতি, আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি এবং এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দিনব্যাপী বৈজ্ঞানিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন উদ্যোগ গ্রহণ নিয়ে আলোচনা হয়।

আয়োজকেরা জানান, হৃদরোগ চিকিৎসা ও গবেষণার মানোন্নয়ন, চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসারে এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের বৈজ্ঞানিক সহযোগী প্রতিষ্ঠান ছিল অপসোনিন ফার্মা, অ্যারিস্টোফার্মা, স্কয়ার, বেক্সিমকো ফার্মা ও একমি।

এম/এসআই