হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন দুজন। দুই রোগে একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১৯ জন। একই সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৫৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
হামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ৩০০ জন শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৫ জনের।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে সিলেটেরই তিনজন। এছাড়া ঢাকার একজন এবং ময়মনসিংহের একজন রোগী রয়েছে।
একই সময়ে আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগী ১৪৮ জন এবং হামের উপসর্গ মিলেছে ১ হাজার ২৭১ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২৫ হাজার ২৮ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন।
আরও পড়ুন
এছাড়া চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
এদিকে ডেঙ্গুর প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
এএইচ



