Dhaka Mail Logo

হেলথ

দেশে ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিসে আক্রান্ত, প্রায় অর্ধেকই নারী 

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

বাংলাদেশে বর্তমানে ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের প্রায় অর্ধেকই নারী। সেইসঙ্গে ডায়াবেটিস আছে, এমন অর্ধেকেরও বেশি লোক জানেনই না যে, তাদের ডায়াবেটিস আছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২৫ জন মহিলাই গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়, যাদের ৬৫ শতাংশই পরবর্তীকালে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়। 

বিভিন্ন গবেষণায় দেখা যায়, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের ও গর্ভস্থ শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তা ছাড়া, গর্ভকালীন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে তাদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আরো বেশি। এ অবস্থায় পরিকল্পিত গর্ভধারণ ও গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে টাইপ-২ ডায়াবেটিস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। 

তারা বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার হলে তা কখনো সারে না। কিন্তু এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য। ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্য যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস নেই উভয়কেই ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম না করলে, নিয়মিত শরীরচর্চা না করলে, স্বাভাবিকের চাইতে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। যাদের ডায়াবেটিস নেই, তারা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো সম্পর্কে জানতে পারেন এবং সেসব ঝুঁকি এড়িয়ে চলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে বছরে অন্তত দু'বার ডায়াবেটিস পরীক্ষা করা ভালো। যতো দ্রুত ডায়াবেটিস সনাক্ত করা যাবে এবং চিকিৎসা শুরু করা যাবে ডায়াবেটিসের জটিলতা এড়ানো ততো সহজ হবে।

তারা বলেন, যদি কোনো কারণে ডায়াবেটিস হয়েই যায় তবে ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শমতো ওষুধ বা ইনসুলিন গ্রহণ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট এ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো মারাত্মক এবং প্রাণঘাতী ঝুঁকি থাকে। কাজেই ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং কোনো রকম দেরি না করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিকিৎসকদের মতে, নিয়মিত ব্যায়াম করলে, মানসিক চাপমুক্ত থাকলে, সুষম খাদ্য খেলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ করলে এবং সুশৃঙ্খল জীবনযাপন করলে ডায়াবেটিসজনিত জটিলতা থেকে মুক্ত থাকা সম্ভব। এমনকি স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করাও সম্ভব।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.), ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক ডা. সাহেলা নাসরিন, বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বারডেম একাডেমির সিনিয়র পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এআরএম