আব্দুল হাকিম
১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট প্রকট। অনেক হাসপাতালে অযত্নে-অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। প্রয়োজনীয় জনবলের অভাবে সেগুলোর যথাযথ ব্যবহারও হচ্ছে না। গ্রামাঞ্চলের বহু স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাসেবা। বিদ্যমান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর এসব সংকট নিরসন না করেই এবার নতুন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে প্রায় ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে।
উপজেলা ও গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার অবকাঠামো সম্প্রসারণে নেওয়া হচ্ছে দুটি প্রকল্প। অথচ সরকারি স্বাস্থ্য খাতেই চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ শূন্য। এর মধ্যে চিকিৎসকের পদই খালি প্রায় সাড়ে ৯ হাজার। এমন পরিস্থিতিতে নতুন হাসপাতাল নির্মাণের পর সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল কোথায় পাওয়া যাবে এবং কীভাবে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণে ৪৪ হাজার ৭৫৭ কোটি টাকা এবং সমন্বিত গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তুলতে ১১ হাজার ৯৯৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। দুই প্রকল্পে মোট ব্যয়ের পরিমাণ ৫৬ হাজার ৭৫০ কোটি ২৬ লাখ টাকা। এসব অর্থে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আবাসিক ভবন ও বিভিন্ন সেবাকেন্দ্র নির্মাণের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে আইসিইউ, হৃদরোগ, কিডনি ডায়ালিসিস, স্ট্রোক ও দুর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসাও চালুর প্রস্তাব করা হয়েছে।
তবে নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর সক্ষমতা ও জনবল সংকটের সমাধান কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে সরকারি স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোই পূরণ করতেই হিমশিম খাচ্ছে সরকার। আবার নতুন প্রকল্পের আওতায় হাজার হাজার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল নির্মিত হলে সেগুলো পরিচালনার জন্য বিপুলসংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও সহায়ক কর্মী প্রয়োজন হবে। গ্রামীণ পর্যায়ে এসব কর্মী নিয়োগ ও ধরে রাখার পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, সেটি বড় উদ্বেগ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্প্রতি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্প দুটির প্রস্তাব মূল্যায়ন করা হয়। একটি প্রকল্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, সংস্কার ও মেরামতের পরিকল্পনা রয়েছে। অন্য প্রকল্পে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমন্বিত গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। মূল্যায়ন সভায় প্রকল্প দুটির বিভিন্ন ব্যয় যৌক্তিকীকরণ, কেনাকাটার প্রয়োজনীয়তা যাচাই এবং বাস্তবায়ন পদ্ধতি পুনর্বিবেচনার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পে হাসপাতাল, আবাসিক ভবন ও বিভিন্ন সেবাকেন্দ্র নির্মাণে ১৯ হাজার ৫৬১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এসব স্থাপনার মোট আয়তন হবে প্রায় ৪১ লাখ ৬২ হাজার বর্গমিটার। এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ১২ হাজার ১৫ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ প্রকল্পের বড় একটি অংশ ব্যয় হবে অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম কেনায়।
প্রকল্পের আওতায় ৬০টি সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বাদে অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২৪টি উপজেলায় সম্পূর্ণ নতুন ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। ১৮টি উপজেলায় ৫১ শয্যা, ৩০৫টি উপজেলায় ১০১ শয্যা এবং ১৩টি উপজেলায় ১২০ শয্যার অতিরিক্ত ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ৮৩টি উপজেলায় জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী ৩১ শয্যার হাসপাতাল ভবন ভেঙে ১৩২ শয্যার নতুন ভবন নির্মাণ করা হবে। ৪৪০টি উপজেলায় বহুতল সমন্বিত সেবাভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন সুবিধা বাড়াতে ১৯৫টি উপজেলায় চারটি করে আবাসিক ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে ১১ হাজার ৯৯৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১৬ হাজার ২৬৫টি স্থাপনা নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হবে। এসব স্থাপনার মাধ্যমে নিরাপদ, জলবায়ু-সহনশীল ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটিতে মোট ৫৬ হাজার ২২২ জন জনবলের প্রয়োজন দেখানো হয়েছে। এর মধ্যে নতুন পদ ১৪ হাজার ৬৬১টি। মা ও শিশুস্বাস্থ্য, নারীস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীদের উপযোগী সেবা, মৌলিক পরীক্ষাগার, ওষুধ সরবরাহ এবং রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।
উপজেলা হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের অন্যতম লক্ষ্য উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা। এর আওতায় নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), হৃদরোগীদের জন্য করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), স্ট্রোক, দুর্ঘটনাজনিত আঘাত ও সংক্রামক রোগের চিকিৎসার ব্যবস্থা রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি কিডনি ডায়ালিসিস, চোখের চিকিৎসা, ক্যানসার শনাক্তকরণ এবং নারী ও পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। আধুনিক অস্ত্রোপচার কক্ষে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার করা যাবে। মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুর চিকিৎসাসেবাও সম্প্রসারণ করা হবে।
হাসপাতালগুলোতে মেডিকেল গ্যাস সরবরাহব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন শোধনাগার, সৌরবিদ্যুৎ ও বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রাখার প্রস্তাব রয়েছে। এসব সেবা চালু করতে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, চিকিৎসা সরঞ্জাম পরিচালনায় দক্ষ টেকনিশিয়ান এবং অন্যান্য সহায়ক জনবল প্রয়োজন হবে। বিশেষ করে আইসিইউ ও সিসিইউ পরিচালনার জন্য নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্স প্রয়োজন। ডায়ালিসিস সেবা চালু করতে চিকিৎসকের পাশাপাশি প্রশিক্ষিত টেকনিশিয়ান ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে। একইভাবে ক্যানসার শনাক্তকরণ, চোখের চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য আলাদা দক্ষ জনবল প্রয়োজন।
জাতীয় সংসদে চলতি বছরের জুনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সরকারি স্বাস্থ্য খাতে মোট ২৩ হাজার ২২৩টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে চিকিৎসকের ৯ হাজার ৪০৭টি, নার্সের পাঁচ হাজার ৩২টি এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর আট হাজার ৭৮৪টি পদ খালি।
বাংলাদেশ স্বাস্থ্য জনবল কৌশলপত্র ২০২৪-এ স্বাস্থ্যকর্মীর ঘাটতি, অসম বণ্টন এবং বিভিন্ন পেশার মধ্যে ভারসাম্যহীনতাকে স্বাস্থ্য খাতের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি চিকিৎসক ও নার্সদের প্রায় তিন-চতুর্থাংশ শহরাঞ্চলে কর্মরত। ফলে উপজেলা ও গ্রামীণ পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। শহরের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের তুলনামূলক বেশি উপস্থিতি থাকলেও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় জনবল পাওয়া যাচ্ছে না।
প্রকল্প দুটির ব্যয় ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে পরিকল্পনা কমিশন। এর মধ্যে প্রচার ও বিজ্ঞাপন খাতে ৩১ কোটি টাকা এবং পরামর্শক খাতে ১৫ কোটি টাকা ব্যয় কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার সুপারিশ রয়েছে। এ ছাড়া ২০০টি মোটরসাইকেল কেনার প্রস্তাব এবং চিকিৎসা সরঞ্জামের ব্যয় কারিগরি কমিটির মাধ্যমে যাচাই করতে বলেছে কমিশন। সারা দেশের ৪৪৩টি উপজেলায় একযোগে প্রকল্প বাস্তবায়ন সম্ভব কি না, তা পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।
কমিশনের পর্যবেক্ষণে জমির প্রাপ্যতা, জমি নিয়ে বিরোধ, অবৈধ দখল, পুনর্বাসন ও জমি অধিগ্রহণের জটিলতার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। এসব সমস্যা বিবেচনায় নিয়ে অগ্রাধিকারভিত্তিতে ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নতুন ভবনের উন্মুক্ত ছাদের ৫০ শতাংশ সবুজায়নের আওতায় আনার প্রস্তাব রয়েছে।
গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পে ৫৬ হাজার ২২২ জন জনবলের প্রয়োজন দেখানো হলেও সমন্বিত জনবল পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পুনর্নির্মাণের অন্য একটি প্রকল্পের সঙ্গে কাজের পুনরাবৃত্তি হবে কি না, সেটিও যাচাই করতে বলেছে কমিশন।
এ ছাড়া বিপুলসংখ্যক উপজেলায় একসঙ্গে কাজ শুরু করলে জমি অধিগ্রহণ, নির্মাণসামগ্রী সরবরাহ, দরপত্র ও তদারকির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে সব উপজেলায় একযোগে কাজ শুরু না করে জমির প্রাপ্যতা ও স্থানীয় প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার ঠিক করে ধাপে ধাপে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।
আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম-প্রধান (স্বাস্থ্য উইং) মানস মিত্র বলেছেন, স্বাস্থ্যসংক্রান্ত কোথায় কী আছে সবকিছুই থাকছে প্রকল্পে। ঢালাওভাবে শুধু নির্মাণ নয়। ভবন নির্মাণ-যন্ত্রপাতি কেনার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রকল্পটি মাত্রই স্বাস্থ্য অধিদফতর আমাদের কাছে পাঠিয়েছে। প্রকল্পটিতে সরকারের প্রায়োরিটি আছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য খাতের অবকাঠামো ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়েও উদ্বেগ রয়েছে। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। হাসপাতালগুলোতে নার্সের সংকট রয়েছে। চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। ডায়ালিসিসের জন্য মেশিন আনা হলেও প্রয়োজনীয় লোকবলের অভাবে সেগুলো পড়ে থাকে। অতীতেও চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যার অনেকগুলো এখনো বিভিন্ন জায়গায় বাক্সবন্দি অবস্থায় রয়েছে। যন্ত্রপাতি কেনার পর সেগুলো পরিচালনার জন্য লোকবল না থাকলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবে না।
এদিকে হাসপাতালের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কাছে তালিকা চেয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, কোন হাসপাতালের অবকাঠামো বন্ধ, কোন হাসপাতালে যন্ত্রপাতি ব্যবহার হয় না, তার তালিকা দেন। তালিকা পেলে অ্যাকশনে যাব।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জানান, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশ ছাড়িয়েছে। সরকার এই বাজেটকে শুধু অর্থ বরাদ্দ হিসেবে দেখছে না। বরং পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য সংস্কার কর্মপরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করছে। এ পরিকল্পনায় রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বরাদ্দের বড় অংশ উপজেলা পর্যায়ের হাসপাতাল সম্প্রসারণ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলায় ব্যয় করা হবে। সম্প্রসারিত স্বাস্থ্যকেন্দ্রগুলো সচল রাখতে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিদ্যমান শূন্যপদ, ভবিষ্যৎ জনবলের চাহিদা এবং নতুন হাসপাতালের প্রয়োজন বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সমন্বিত জনবল পরিকল্পনা তৈরি করছে।
দরিদ্রদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দিক চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ এবং কিডনি রোগ দ্রুত বাড়ছে। এর প্রধান কারণ পরিবেশ দূষণ, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং নগরায়ণ। এসব রোগের চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে বেশি হওয়ায় সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়ছে।
উপদেষ্টা বলেন, সরকার ২৫০ শয্যার হাসপাতালগুলোতে তিনটি বিশেষায়িত সেবা নিশ্চিত করার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে কার্ডিয়াক কেয়ার ইউনিট, কিডনি ডায়ালাইসিস সেবা এবং জটিল গাইনি ও প্রসূতি সেবা। এই তিনটি সেবা আমাদের জন্য খুবই জরুরি। কারণ এসব ক্ষেত্রে রোগীর চাপ বেশি এবং ব্যয়ও বেশি। পাশাপাশি প্রতিবন্ধী, বিধবা এবং বয়স্ক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। জনভোগান্তি দূর করতে ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে সরকার বলেও জানান তিনি।
উপজেলা হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর। নির্মাণকাজে থাকবে গণপূর্ত অধিদফতর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। প্রকল্প দুটির মাধ্যমে উপজেলা ও গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার অবকাঠামো ও চিকিৎসার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন হাসপাতাল নির্মাণের আগে বিদ্যমান হাসপাতালগুলোর জনবল, শয্যা, চিকিৎসা সরঞ্জাম ও রোগীর চাপের একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা প্রয়োজন। কোন এলাকায় নতুন হাসপাতাল প্রয়োজন, কোথায় বিদ্যমান ভবন সংস্কার করলেই সেবা বাড়ানো সম্ভব এবং কোন হাসপাতালে চিকিৎসক ও নার্সের ঘাটতি বেশি, তা বিবেচনায় নিয়ে বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণ করা জরুরি।
একই সঙ্গে নতুন পদ সৃষ্টির পাশাপাশি নিয়োগের সময়সীমা, প্রশিক্ষণ, কর্মস্থলে উপস্থিতি এবং গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকর্মীদের ধরে রাখার ব্যবস্থা প্রকল্প পরিকল্পনার অংশ হওয়া প্রয়োজন। কারণ, একটি হাসপাতাল নির্মাণের পর সেটি সচল রাখতে শুধু চিকিৎসক ও নার্স নয়, পরিচ্ছন্নতাকর্মী, ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, বিদ্যুৎ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মী প্রয়োজন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ ঢাকা মেইলকে বলেন, ‘বিদ্যমান হাসপাতালগুলোকে আগে কার্যকর করা প্রয়োজন। স্থানীয় চাহিদা বিবেচনায় নিয়ে হাসপাতাল সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে এসব হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. আবদুর রাজ্জাক সরকার ঢাকা মেইলকে বলেন, ‘অসংক্রামক রোগের প্রকোপ বাড়ায় গ্রামাঞ্চলে উন্নত চিকিৎসাসেবার প্রয়োজন রয়েছে। তবে প্রয়োজনীয় জনবল তৈরি না করে নতুন ভবন ও যন্ত্রপাতি স্থাপন করা হলে সেগুলো অব্যবহৃত পড়ে থাকার আশঙ্কা থাকবে।’
এএইচ/জেবি