Dhaka Mail Logo

হেলথ

অক্টোবরের ১৫ দিনে ডেঙ্গুতে ৯০ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল অক্টোবরের প্রথম ১৫ দিনেই প্রাণ হারিয়েছেন ৯০ জন। একই সময়ে এই ১৫ দিনে মোট ২৮ হাজার ৮২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫ জনে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে। 

তবে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪১০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, বরিশালে ১৯৬ জন, খুলনায় ১৪০ জন, রাজশাহীতে ৯৯ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে কোন বছর কত মৃত্যু?

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৬ জনের এবং আক্রান্ত হন ৩ হাজার ১৬২ জন।

২০১৬ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৪ জনের এবং আক্রান্ত হয় ৬ হাজার ৬০ জন। ২০১৭ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৮ জনের এবং আক্রান্ত হন ২ হাজার ৭৬৯ জন। 

পরে ২০১৮ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৬ জনের এবং আক্রান্ত হয় ১০ হাজার ১৪৮ জন। ২০১৯ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৬৪ জন এবং আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

২০২০ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৭ জনের এবং আক্রান্ত হন ১ হাজার ৪০৫ জন। ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের এবং আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। ২০২২ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৮১ জনের এবং আক্রান্ত হয় ৬০ হাজার ৩৩১ জন। 

তবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে, ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

পরের বছর ২০২৪ সালেও ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল উল্লেখ্যযোগ্য, সেবছর মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন।

এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়।

আর চলতি ২০২৬ সালে এখন (১৬ অক্টোবর) পর্যন্ত ৩৩৫ জনের মৃত্যু এবং ১ লাখ ৮ হাজার ৪৪০ জন আক্রান্ত হয়েছেন।

এএম