Dhaka Mail Logo

হেলথ

ডেঙ্গুর ছোবলে মৃত্যু ৩০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে চলতি বছরে সারাদেশে মৃত্যু ৩০০ ছাড়িয়ে গেল। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা লাখ ছুঁইছুঁই।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) মশাবাহিত রোগটিতে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৩ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০৩ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৯ হাজার ২৭৫ জন।  

রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুজন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন ও রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছেন। 

অন্যদিকে একই সময়ে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৫৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০, খুলনা বিভাগে ৩০৪, ময়মনসিংহ বিভাগে ৭০, রাজশাহী বিভাগে ১৬০, রংপুর বিভাগে ৮৪ ও সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৪০৩ জন।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

এএইচ