Dhaka Mail Logo

হেলথ / শিক্ষা

ওষুধের দাম ধনী-গরিবের নাগালে রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, শুধু নতুন ওষুধ উদ্ভাবন করলেই হবে না, সেই ওষুধ যেন ধনী-গরিব সবার নাগালে থাকে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য গবেষণার পাশাপাশি সাশ্রয়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলা জরুরি।

শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলন (আইসিপিএস-২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওষুধ আবিষ্কার, ন্যানোমেডিসিন ও লক্ষ্যভিত্তিক চিকিৎসাপদ্ধতি ওষুধবিজ্ঞানে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এসব প্রযুক্তি ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রযুক্তির উন্নয়নের সুফল যেন শুধু আর্থিকভাবে সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকেও নজর দিতে হবে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, নতুন ওষুধ উদ্ভাবনের সময়ই গবেষকদের উৎপাদন ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিতে হবে। উচ্চ প্রযুক্তির সঙ্গে মানবিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে আর্থিক সামর্থ্য নির্বিশেষে সবার চিকিৎসার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

গবেষক ও শিক্ষার্থীদের নতুন ধারণা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষণার মূল লক্ষ্য হতে হবে মানবকল্যাণ। ওষুধ গবেষণায় তথ্যের সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতার ওপর মানুষের আস্থা ধরে রাখতে এসব নীতির বিকল্প নেই।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। দুই বিশ্ববিদ্যালয়ের এ সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান।

১০ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেশনস ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ফর গ্লোবাল হেলথ অ্যাডভান্সমেন্ট’। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত ও শ্রীলঙ্কাসহ ১১টি দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

সম্মেলনে গবেষণা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ওষুধশিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ড. মোহাম্মদ ফৌজি আবদুল জলিল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার সাহা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ ও এম এ কাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসের ইউ আহমেদ।

এমএইচ/এসআই