নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
দেশের ক্যানসার চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মানুষের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ১৭টি রেডিওথেরাপি মেশিন দেশের আসার ক্যানসার রোগীরা দেশেই স্বল্পমূল্যে সেবা নিতে পারবেন। এরমধ্যে ৬টি মেশিন থাকবে ঢাকা শহরে। এছাড়া ১১টি ঢাকার বাহিরে দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, দেশের ক্যান্সার চিকিৎসাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকে ঢাকামুখী হতে হয়। নতুন মেশিন স্থাপন করা হলে ঢাকার বাইরের রোগীদের নিজ নিজ অঞ্চলে চিকিৎসা নেওয়ার সুযোগ বাড়বে।
স্বাস্থ্যখাতে নতুন নতুন নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশে রোবটিক সার্জারি মেশিন চাহিদা রয়েছে ১০টি। এরমধ্যে ৫টি এ বছর আনা হচ্ছে৷ এসব প্রযুক্তি চালু হলে চিকিৎসকেরা আধুনিক প্রযুক্তির সহায়তায় জটিল অস্ত্রোপচার করতে পারবেন। একই সঙ্গে দেশের রোগীদের বিদেশে না গিয়ে দেশেই রোবটিক সার্জারির সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন:
দেশের জনসংখ্যা বৃদ্ধি ও জন্মহার নিয়ন্ত্রণে আগামী ১ ডিসেম্বর থেকে সারাদেশে বছরব্যাপী বিশাল পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ এই ক্যাম্পেইন চলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করেই রোগীদের চিকিৎসা ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরণ পরিবর্তন এবং ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক জটিলতা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে সচেতনতা এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/এসআই