Dhaka Mail Logo

হেলথ

ডেঙ্গুতে সারাদেশে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। 

এই সময়ের মধ্যে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে আরও ১ হাজার ৯৪২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭৭ হাজার ৬৭২ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে আটজনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হন ২ হাজার ৩৬ জন, যা ছিল চলতি বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। 

গত রোববার (২৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ২ হাজার ১৫৮ জন আক্রান্ত হন, যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

এএইচ