নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম
হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হাম মোকাবিলায় মাসব্যাপী বিশেষ কার্যক্রম শুরু করছে সরকার
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৬৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৬৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৯২ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২৫৭ জনের শরীরে।
আরও পড়ুন: হামে মারা যাওয়া ৮২ শতাংশ শিশুই পর্যাপ্ত বুকের দুধ থেকে বঞ্চিত: গবেষণা
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৩০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৭৩৮ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনের শরীরে।
অন্যদিকে চলতি বছরে মোট ১ লাখ ৬০ হাজার ৯৮০ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) হাম উপসর্গে সারাদেশে ছয়জন শিশুর মৃত্যু হয়। এদিন নতুন শনাক্ত ছিল ১ হাজার ৩০৫ জন।
এএইচ