নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) উদ্বোধন হলো দেশের প্রথম লিভারের চর্বির পরিমাপক, লিভারের ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক রেজোনা এ২০ আল্ট্রা হাই রেজুলিউশন মেশিন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিনমাসের রিসার্চ সেল এবং আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশনের আয়োজনে কামাল উদ্দিন আহমেদ অডিটরিয়ামে ‘বিয়ন্ড কনভেনশনাল আল্ট্রাসাউন্ড: ইলাসটোস্ক্যান অ্যান্ড ফ্যাট কোয়ান্টিফিকেশন উইথ হাই রেজুলিউশন আল্ট্রাসাউন্ড’ বিষয়ে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নিনমাসের পরিচালক এবং বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী বলেন, বাংলাদেশে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভার বা লিভারের চর্বিজনিত সমস্যায় ভুগছেন। এ ছাড়া ছাড়া প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং ২ শতাংশ মানুষ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশে প্রথমবারের মতো রেজোনা এ২০-এর মতো আল্ট্রা হাই রেজুলিউশন মেশিন সরবরাহ করেছে মিনডারি কোম্পানি। এই নতুন মেশিনের মাধ্যমে নিনমাসে প্রথমবারের মতো লিভারে চর্বি নির্ণয়ের আধুনিক প্রযুক্তি ফ্যাট কোয়ান্টিফিকেশন, ইলাসটোস্ক্যান অর্থাৎ লিভারের ফাইব্রাস টিস্যু গ্রেডিং, সিরোসিস, লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ের জন্য যুগান্তকারী মডালিটি শেয়ার ওয়েভ ইলাসটোগ্রাফি এবং স্ট্রেইন ইলাসটোগ্রাফি সংযোজিত হলো।
অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী আরও জানান, এই আল্ট্রা হাই রেজুলিউশন প্রোব, ৩৩ মেগাহার্টজ, নিনমাসে স্থাপনের ফলে এখন থেকে ত্বক, চুলের ফলিকল, নখ, সাবকিউটেনিয়াস প্যাথলজি এবং লিম্ফ্যাটিক সিস্টেমের বিভিন্ন রোগ নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হবে।
দেশের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক সেমিনারে লিভার ইলাস্টোগ্রাফির ওপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জনাব অনুপ কুমার কুন্ডু।
এ ছাড়া আল্ট্রা হাই রেজুলিউশন থাইরয়েড ইলাস্টোগ্রাফি এবং ফ্যাট কোয়ান্টিফিকেশনের ওপর বক্তব্য রাখেন জোহান্না অং।
সেখানে প্রায় শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে লিভারে চর্বির পরিমাপ নির্ণয়, লিভারের ক্যান্সার নির্ণয় এবং থাইরয়েড ক্যান্সারের সঠিক নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের ভূমিকা নিয়ে একটি প্র্যাকটিক্যাল সেশন পরিচালনা করা হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সিন্টিগ্রাফি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
সেমিনারে চিকিৎসকদের পাশাপাশি নিনমাস ও বিএমইউর চিকিৎসক ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। মিনডারি কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার জুয়েল রানা এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান শেষে সেমিনারের সভাপতি নিনমাস পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী, সেমিনার আয়োজনের জন্য নিনমাসের রিসার্চ ডিভিশন প্রধান ডা. পাপড়ী মুৎসুদ্দী, আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশন প্রধান ডা. ফারহানা হক এবং অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য ডা. ফারজানা রহমান অনন্যাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে বৈজ্ঞানিক সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
এসএইচ/এআরএম