নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
দেশের প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অক্সিজেনের সংকট মোকাবিলায় ৮০টি উচ্চক্ষমতার অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ ও স্থাপন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-এর সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এসব কনসেনট্রেটর স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্যোক্তারা জানান, প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শ্বাসতন্ত্রের রোগের প্রকোপের সময় এ সংকট আরও তীব্র হয়ে ওঠে। ৬ থেকে ২৪ মাস বয়সী শিশু ও অল্পবয়সী শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের জটিলতা বেশি দেখা যাওয়ায় জরুরি সময়ে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
এই উদ্যোগের আওতায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরাসরি অক্সিজেন কনসেনট্রেটর স্থাপন করা হবে। এতে প্রয়োজনের সময় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কাছে দ্রুত ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা ও সংকট মোকাবিলার ক্ষমতাও বাড়বে।
অক্সিজেন কনসেনট্রেটরগুলোর বিতরণ, স্থাপন ও পরবর্তী ব্যবস্থাপনা তদারকি করবে আইসিডিডিআর,বি। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা এবং কমিউনিটিভিত্তিক প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এর মাধ্যমে সরঞ্জামগুলোর কার্যকর ব্যবহার ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, যেসব এলাকায় চিকিৎসাসেবা সীমিত, বিশেষ করে সেসব এলাকায় সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আইসিডিডিআর,বি-এর সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার একাধিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের অক্সিজেন সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করা হচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতের একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত চাহিদা পূরণের পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখতে পেরে তারা আনন্দিত।
আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ বলেন, অনেক বেসরকারি ও এনজিও পরিচালিত হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। একই সঙ্গে অক্সিজেন কনসেনট্রেটরের দাম বেশি হওয়ায় অনেক প্রতিষ্ঠানের পক্ষে তা সংগ্রহ করা কঠিন। অক্সিজেন থেরাপির প্রয়োজনও দিন দিন বাড়ছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও নিম্নআয়ের মানুষের মধ্যে।
তিনি বলেন, অক্সিজেনের ঘাটতি পূরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের রোগীদের চিকিৎসার ফলাফল আরও উন্নত করতে সহায়তা করবে।
স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এর আগে কুমুদিনী হাসপাতাল, জামালপুরের এম এ রশিদ হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ, রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে বায়ু থেকে চিকিৎসায় ব্যবহারের উপযোগী অক্সিজেন উৎপাদনে সক্ষম প্ল্যান্ট স্থাপনে সহায়তা করেছে ব্যাংকটি।
বাংলাদেশে ১২১ বছরের কার্যক্রমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে দীর্ঘমেয়াদি সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নে ভূমিকা রাখার কথা জানিয়েছে। আইসিডিডিআর,বি-এর সঙ্গে বর্তমান অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমআর/এএম