নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম
মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে চলতি বছরের সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন, এটিও চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৫ হাজার ৮৪৬ জন।
এর আগে রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু হয়। এদিন রোগটিতে আক্রান্ত হন এক হাজার ৯৭ জন, যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকার। এর মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি এবং একজন উত্তর সিটির বাসিন্দা। মারা যাওয়া অন্যজন ময়মনসিংহ বিভাগের।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে বরিশাল বিভাগের ১৩২ জন, চট্টগ্রাম বিভাগের ১২০ জন, ঢাকা বিভাগের ১৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২৩ জন, খুলনা বিভাগের ২৮৩ জন, ময়মনসিংহ বিভাগের ৬৯ জন, রাজশাহী বিভাগের ৮৭ জন, রংপুর বিভাগের ৭ জন এবং সিলেট বিভাগের একজন রোগী রয়েছেন।
প্রতিবেদন আরও বলছে, চলতি বছরে মোট আক্রান্ত ৩৫ হাজার ৮৪৬ জনের মধ্যে পুরুষ ৬১ শতাংশ এবং নারী ৩৯ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এই সংখ্যা মোট ৩৩ হাজার ২০৫ জন।
এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এএইচ