Dhaka Mail Logo

হেলথ

অধ্যাপক আসাদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাবে ড্যাব

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৬, ০১:১২ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করবে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। 
 
বুধবার (১৮ আগস্ট) সংগঠনটির দফতর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড্যাব জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের উপর বার বার হামলা ও মারধরের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে দায়িত্বরত চিকিৎসকদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আগামীকাল ১৯ আগস্ট (বুধবার) সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

উক্ত সংবাদ সম্মেলনে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ কেন্দ্রীয় ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) রাতে শান্তিনগর এলাকায় প্রাইভেট চেম্বার শেষে সিএনজিযোগে বাসায় ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত ডা. আসাদুর রহমানের সিএনজির গতিরোধ করে হামলা চালায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এসএইচ/এআরএম