নারীদের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা এবং আধুনিক ক্যানসার চিকিৎসাপদ্ধতি সম্পর্কে তথ্য প্রদানের লক্ষ্যে বিশেষ ক্যানসার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের কাফকো স্টাফ কলোনির কাফকো লেডিস ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কাফকো মেডিকেল সেন্টারের সহযোগিতায় মডার্ণ ক্যানসার হাসপাতাল গুয়াংজুর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী। অনুষ্ঠানে নারীদের মধ্যে বেশি দেখা যায়—এমন বিভিন্ন ধরনের ক্যানসার, এর প্রাথমিক লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারের অন্যতম আলোচক মডার্ণ ক্যানসার হাসপাতাল গুয়াংজুর বিশেষজ্ঞ চিকিৎসক উই ওয়াই ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত আধুনিক মিনিম্যালি ইনভ্যাসিভ টেকনোলজিস সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি তিনি ব্রেস্ট ক্যানসার, সার্ভিক্যাল ক্যানসার, ওভারিয়ান ক্যানসার এবং ইন্ডোমেট্রিয়াল ক্যানসারের সম্ভাব্য লক্ষণ, ঝুঁকির কারণ, স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, ক্যানসারের ধরন, পর্যায় ও রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে উপযুক্ত রোগীদের ক্ষেত্রে আধুনিক মিনিম্যালি ইনভ্যাসিভ টেকনোলজিস প্রয়োগ করা যেতে পারে। এসব চিকিৎসাপদ্ধতিতে তুলনামূলকভাবে ছোট ক্ষত, কম রক্তক্ষরণ, কম ব্যথা এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে। তবে সঠিক চিকিৎসাপদ্ধতি নির্ধারণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে কাফকো মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. ফারহানা বিশেষ অতিথির বক্তব্য দেন। তিনি নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ক্যানসার স্ক্রিনিং এবং শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

মডার্ণ ক্যানসার হাসপাতাল গুয়াংজু বাংলাদেশ অফিসের কান্ট্রি ম্যানেজার ইমিলি সে তাঁর বক্তব্যে ক্যানসার সচেতনতা বৃদ্ধিতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশি রোগীদের কাছে আধুনিক ক্যানসার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া এবং বাংলাদেশ ও চীনের মধ্যে চিকিৎসা সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা ক্যানসার প্রতিরোধ, নারীদের স্বাস্থ্যঝুঁকি, স্ক্রিনিং এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বিশেষজ্ঞরা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আয়োজকেরা জানান, একজন সচেতন নারী নিজের পাশাপাশি তাঁর পরিবার ও সমাজে স্বাস্থ্যসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই নারীদের ক্যানসার সম্পর্কে সঠিক ধারণা প্রদান, নিয়মিত স্ক্রিনিংয়ে উৎসাহিত করা এবং প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন করে তোলা এ আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল।
সেমিনারটি সফলভাবে আয়োজনে সহযোগিতার জন্য কাফকো মেডিকেল সেন্টার, কাফকো লেডিস ক্লাব, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সবাইকে মডার্ণ ক্যানসার হাসপাতাল গুয়াংজুর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
মডার্ণ ক্যানসার হাসপাতাল গুয়াংজু ভবিষ্যতেও বাংলাদেশে ক্যানসার সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
এসএইচ/এআর




