নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৬ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, বরিশাল বিভাগে চারজন ও খুলনায় বিভাগে চারজন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ১৬৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৩১০ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে আক্রান্ত ৯ হাজার ২০৬ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
এসএইচ/এমআই