বিভাগীয় শহর খুলনাসহ দশ জেলায় ডেঙ্গুর প্রভাব ব্যাপক আকার ধারণ করতে শুরু করেছে। জেলাগুলোর মধ্যে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ১৭ জন খুলনা জেলায়।
এর আগে মঙ্গলবার একদিনেই ৮৫ জন রোগী ভর্তি হন বিভিন্ন সরকারি হাসপাতালে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৪৫ জন রোগীর মধ্যে খুলনায় সর্বাধিক ১৭ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, খুলনা জেলা হাসপাতালে ৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, যশোরে ১০ জন, বাগেরহাটে ৬ জন, নড়াইলে ৪ জন, কুষ্টিয়ায় ২ জন এবং মেহেরপুর, মাগুরা এবং ঝিনাইদহে এক জন করে রোগী ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জেলা ও চুয়াডাঙ্গায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। তবে মঙ্গলবার বাগেরহাটে সর্বোচ্চ ৫২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৯৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ১ হাজার ৭৬২ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে, যার মধ্যে ৭ জনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য একজনের মৃত্যু হয়েছে বাগেরহাট জেলায়।
বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন, খুলনা জেলায় ৩৩ জন। এ ছাড়া বাগেরহাটের ৫৭ জন, যশোরে ১৭ জন, মাগুরায় ৫, নড়াইলে ৩ জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কুষ্টিয়া ৩ জন এবং ঝিনাইদহ ১ জন চিকিৎসাধীন। তবে চুয়াডাঙ্গা জেলায় হাসপাতালে কোনো ভর্তি রোগী নেই।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শেখ মো. মোশারফ হোসেন বলেন, সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু আক্রান্তদের আলাদা ইউনিটের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।
প্রতিনিধি/এলএ




