নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি। কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি।
সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাক্টিস করতে পারবে। তাদের (আদ্-দ্বীন) আরও হাসপাতাল আছে, সেখানে নিতে পারে। অমানবিক সেবার কারণে আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ খারাপ কিছু করলে কঠিন শাস্তি দেওয়া হবে।
এর আগে গত ১৩ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পিছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আমার কোনো টাকার প্রতি লোভ হয়নি। আদ্-দ্বীন হাসপাতালে লাইসেন্স বাতিল করে দিয়েছি। জামায়াতে ইসলামীর লোকেরা বলে এটা নাকি বেইনসাফ হয়েছে। এই হাসপাতাল কয়েকটা টাকা কম নিয়ে মানুষকে ধোঁকা দেয়। ৬টা বাচ্চাকে মেরে ফেলেছে। ওরা (জামায়াতে ইসলামী) এখন আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলে। কথা বলুক আর যা-ই করুক, তারা মানুষকে কলুষিত করছে। একটা পানিশমেন্টে (শাস্তি) বাকি প্রাইভেট হাসপাতালগুলো ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, টাকা নেবে মানুষকে সেবা দিতে হবে। টাকা কম নেয়, মানে সেবায় ঘাটতি রাখতে হবে? ৬টা মায়ের বুক খালি হয়েছে। এগুলো থেকে সাবধান থাকতে হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, মানুষের সেবা করতে হবে। বিনা স্বার্থে সত্যিকার সেবা চাই, লোক দেখানো সেবা বা কিছু দেখতে চাই না।
এর আগে গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ জন্য তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদফতর।
এসএইচ/এএস