অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রোগীদের স্বার্থে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ চেয়েছে রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আদ্-দ্বীনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, সম্প্রতি ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদফতরের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যাশা করে, চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত শুধু রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ সরকার দেবে।
আদ্-দ্বীন ফাউন্ডেশন জানিয়েছে, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও সব ধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি রয়েছেন এবং আজ ১১ জুন প্রায় এক হাজার রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া এনআইসিইউতে ৬০ নবজাতক, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে চারজন রোগী ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে বিকেলে হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লাইসেন্স বাতিলের পর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লাইসেন্সবিহীন হাসপাতালে কোনো রোগীর চিকিৎসা নেওয়া উচিত নয়। যাঁরা চিকিৎসা নিচ্ছেন, তাঁদের নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে কোনো সহায়তা প্রয়োজন হলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।
গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ জন্য তাঁকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে এ নোটিশ দেওয়া হয়।
এসএইচ/এআর




