images

হেলথ

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, এনডিএফের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

১২ জুন ২০২৬, ০৮:১১ পিএম

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (১২ জুন) এনডিএফের অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে আদ-দ্বীন হাসপাতাল দেশের দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে। মানবিক ও সেবামূলক এই প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই হাসপাতালে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ৩ লক্ষ ৩ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র ২০২৫ সালেই ১৩ লাখ ৮৯ হাজার ৭২৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এ ছাড়া ২০২৫ সালে ৯,১৯৭টি স্বাভাবিক (নরম্যাল) ডেলিভারি সম্পন্ন হয়েছে। একই সময়ে ২৮,৬৭৪টি সিজারিয়ান (সিজারিয়ান সেকশন) ডেলিভারি সম্পন্ন হয়েছে।

এ প্রতিষ্ঠানে ১৩,৩৬১টি সাধারণ অস্ত্রোপচার (জেনারেল সার্জারি) সফলভাবে পরিচালিত হয়েছে। ৯,৮৩৬ জনকে টিকাদান সেবা প্রদান করা হয়েছে।

এনডিএফ জানায়, ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত উদ্ঘাটন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তির ভুল বা দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংগঠনটি আরও জানায়, আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান করে গরিবের চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে দরিদ্র ও নিম্নআয়ের বিপুল সংখ্যক রোগীর চিকিৎসাসেবা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। তাই সরকারের এই সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এসএইচ/এমআই