images

হেলথ

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

১০ জুন ২০২৬, ০১:১৯ পিএম

এখন থেকে প্রতি মাসে ভাতা পাবেন এফসিপিএস ও এমডি/এমএস কোর্সে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বুধবার (১০ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৯ জুন মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট-২ শাখার উপসচিব আলাউদ্দিন আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা গত ৮ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

ওই সভায় ৬টি সিদ্ধান্ত সংবলিত যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়। যৌথ বিবৃতির ১ নম্বর সিদ্ধান্ত হলো– এফসিপিএস পার্ট-১, এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল বেসরকারি প্রশিক্ষণার্থী ভাতা প্রাপ্য হবেন এবং এই ভাতা প্রতি মাসে পরিশোধ করা হবে।

এমতাবস্থায় মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এফসিপিএস পার্ট-১, এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল বেসরকারি প্রশিক্ষণার্থী ভাতা প্রাপ্য হবেন এবং এই ভাতা প্রতি মাসে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো, বলা হয় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।

জানা গেছে, প্রতি ৬ মাস পর পর একসঙ্গে ৬ মাসের ভাতা পেতেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে তারা প্রতি মাসের ভাতা প্রতি মাসেই পাবেন।

এর আগে ৬ দফা দাবিতে আন্দোলন করেন ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

এসএইচ/এমআই