মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামো নির্ধারণে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

Health ministry

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল ও ডেন্টাল কলেজে কর্মরত এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের জন্য যৌক্তিক, সমন্বিত ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো প্রণয়নে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আদেশ অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে কমিটির আহ্বায়ক এবং অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা)কে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রথমে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের বর্তমান বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে।

পরে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে চিকিৎসকদের জন্য একটি গ্রহণযোগ্য, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামোর খসড়া প্রণয়ন করা হবে।


বিজ্ঞাপন


এ ছাড়া প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন ২০ কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে।

প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এমএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর