images

হেলথ

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে পাশে থাকার আহ্বান স্বাস্থ্য সচিবের

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন ২০২৬, ০১:৩১ পিএম

সারাদেশে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

কামরুজ্জামান চৌধুরী বলেন, আমরা চাই ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে। সবাই পাশে থাকবেন। নিজের প্রয়োজনে এবং নাগরিকদের সুস্থ রাখার প্রয়োজনে সচেতন থাকতে হবে। সবাই নিজ নিজ বাসা-বাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন।

তিনি বলেন, ডেঙ্গু হলে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকে। আগে থেকে আমরা যদি সচেতন থাকি, তাহলে প্রাথমিকভাবে আমরা ডেঙ্গু নির্মূল করতে পারবো। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করার আগেই সবাই সচেতন এবং ঐক্যবদ্ধ হলে ডেঙ্গু আমাদের ক্ষতি করতে পারবে না।

কামরুজ্জামান চৌধুরী বলেন, যেখানে লার্ভা এবং এডিস মশা তৈরি হয়, এসব ফেলে দিতে হবে এবং জায়গাটা পরিস্কার রাখতে হবে। যত্র তত্র ময়লা-আর্বজনা ফেলা যাবে না।

বিদেশের উদাহরণ টেনে তিনি বলেন, বিদেশে কেউ রাস্তায় কোনো ময়লা ফেলতে পারে না। তাহলে আমরা কেন এটা আমাদের জন্মভূমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রাস্তায় গাড়ি চালিয়ে যাই, আবার আমরা গ্লাস টেনে টিস্যু পেপার ফেলে দেই। আমরা ঐক্যবদ্ধ হই ময়লা আমরা ডাস্টবিনে ফেলবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম প্রমুখ।

এসএইচ/এএস