নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর বুধবারের (৮ এপ্রিল) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন করে মারা যাওয়া ১০ জনের বেশিরভাগই শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২৪৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে।
আরও পড়ুন: তিন দিনে ২ লাখ ২৮ হাজার শিশুকে হামের টিকা
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৯৯ জন।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সন্দেহভাজন রোগীদের নমুনা ঢাকার রেফারেন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, যা সময়সাপেক্ষ। নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে সন্দেহভাজনদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং পরীক্ষার ফলাফলের পর নিশ্চিত তালিকা হালনাগাদ করা হয়।
হামের প্রধান লক্ষণ হলো শরীরে র্যাশ বা লালচে দানা এবং জ্বর। এই লক্ষণ আরও কিছু রোগের ক্ষেত্রেও দেখা যায়। তাই সব সন্দেহভাজন রোগী শেষ পর্যন্ত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হন না। এ কারণেই সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যুর পরিসংখ্যানের মধ্যে পার্থক্য দেখা দেয়।
এআর