নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
দেশের স্বাস্থ্যখাতের দুর্দশার জন্য চিকিসকরা ৫০ শতাংশ দায়ী, আর মুর্খ আমলারা দায়ী ৩০ শতাংশ ও ২০ শতাংশ দায়ী রাজনীতিবিদরা। এমন পরিসংখ্যান দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) কাজী দেলোয়ার হোসেন।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ রোড টু ইউনিভার্সেল হেলথ কাভারেজ’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে এই পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
ওই পরিসংখ্যান তুলে ধরে অতিরিক্ত সচিব কাজী দেলোয়ার বলেন, ‘এসবের গালিফতি বা অবহেলার জন্য বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতি হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘৮০ শতাংশ যদি ২০ শতাংশের পক্ষে কাজ করতো, তাহলেও হতো। আর এই ৮০ শতাংশ, ৩০ শতাংশও কাজ করে না।’
‘৮০ শতাংশ কর্মকর্তার জেলে থাকা উচিত’, বলেও যোগ করেন অতিরিক্ত সচিব।
তিনি আরও বলেন, ‘সরকারের মধ্যে সরকার নিজেই বাঁধা। সরকারের মধ্যে আন্তঃমন্ত্রণালয় রয়েছে, এগুলো একটা আরেকটার জন্য বাঁধা, এসব জটিলতা রয়েছে।’
কাজী দেলোয়ার বলেন, ‘প্রাইমারি হেলথ কেয়ারে সরকারি-সেরকারি অংশীদারত্বের কথা বলা হয়। কিন্তু দুটোর উদ্দেশ্য আলাদা, তাদের আসল হলো মুনাফা।’
তিনি বলেন, ‘বেসরকারিখাতের কিছু প্রতিনিধি সরকারের কর্তৃপক্ষের কাছে গেছে মেডিকেলের মিনিমাম পাস নাম্বারটা আরও কমানোর জন্য।’
‘পলিসি লেভেলের একজন বললো, মানুষকে আর মারার ব্যবস্থা করবেন না। মেডিকেল আর ইঞ্চিনিয়ারিং; দুই জায়গায় ছাড় দেয়ার কোনো সুযোগ নাই। সরকারি-বেসরকারি করতে গেলে এগুলো নিয়ে ভাবতে হয়। আমরা এখনও ডাক্তারদের সুরক্ষা দিতে পারি না। চেম্বার করার পর বাড়ি ঘুমাতে পারে না, এমন ভাষায় গালিগালাজ করা হয়’, যোগ করেন এই অতিরিক্ত সচিব।
এসএইচ/এএম